অনুষ্ঠান ও কর্মসূচি

রংপুর রিপোর্টার্স ক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

10 Sep, 2025 Super Admin 606 ভিউ
রংপুর রিপোর্টার্স ক্লাবে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন করে আল্লাহর তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা নিয়ে রংপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে রংপুর রিপোর্টার্স ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা। তিনি বলেন, “দেশে যে রাজনৈতিক অশান্তি, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ও বিচার বিভাগের অপরাজগতা চলছে, তার মূলে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের চাপিয়ে দেওয়া ব্যবস্থা। সাম্রাজ্যবাদীরা আমাদের শোষণের লক্ষ্যে এই ব্যবস্থার প্রবর্তন করেছিলো। তাই এখনই সময় এসেছে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার। তবেই সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, এই লক্ষ্যেই দেশব্যাপী ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা নিয়ে নিরলসভাবে কাজ করছে হেযবুত তওহীদ। এ কাজে তিনি গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরাও সংগঠনের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থা নিয়ে সুচিন্তিত মতামত তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, সাবেক সভাপতি আশেক মাহমুদ, জেলা সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিন্টুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময়ে রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি ও ৭১ টিভির ব্যুরো প্রধান শহর বায়েজীদ আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজী টিভির প্রতিনিধি আজম পারভেজ, সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আব্দুর রশিদ জীবন, ডিবিসি নিউজের আমিরুল ইসলাম, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন