আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

বগুড়ায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: যাবতীয় সংকটের সমাধান ইসলামে

06 Sep, 2025 Super Admin 815 ভিউ
বগুড়ায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: যাবতীয় সংকটের সমাধান ইসলামে

বগুড়ায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শহরের নবাববাড়ি রোডের হোটেল ৭১-এ হেযবুত তওহীদের বগুড়া জেলা শাখার উদ্যোগে এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা হেযবুত তওহীদের জেলা সভাপতি সালজার রহমান সাবু’র সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে, অসংখ্য নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। তবুও একটি সংকটেরও স্থায়ী সমাধান হয়নি। কারণ মানুষ-সৃষ্ট বিধান দিয়ে কোনো সমাজেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।” আজও আমরা ব্রিটিশ ঔপনিবেশিক যুগের আইন ও সিস্টেমের ভেতরেই চলছে। ফলে অন্যায়, অবিচার ও অশান্তি ক্রমেই বাড়ছে। আল্লাহর প্রদত্ত জীবনব্যবস্থা ছাড়া এ সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।

মশিউর রহমান ইসলামের ইতিহাস তুলে ধরে বলেন, “রসুল (সা.) আল্লাহর হুকুমের ভিত্তিতে এমন এক সমাজ গঠন করেছিলেন যেখানে নারী অন্ধকার রাতেও শত মাইল নিরাপদে ভ্রমণ করতে পারত। মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাত, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত, আর আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত কোনো মামলা আসত না।” তিনি আল্লাহর দেওয়া সেই চিরন্তন জীবনব্যবস্থাকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে মিলিয়ে রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, সামাজিক সুরক্ষা, মন্ত্রিপরিষদ ও আইনসভা—সব ক্ষেত্রের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, বুদ্ধিজীবী, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব, বাস্তবায়নের কৌশল ও আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এর প্রাসঙ্গিকতা নিয়ে মতামত দেন।

রাজশাহী অঞ্চলের সভাপতি আশেক মাহমুদের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বগুড়া সদরের সভাপতি রায়হানুল ইসলাম, জেলা নারী সম্পাদক ফাতেমা আক্তার, গাবতলী উপজেলা সভাপতি শরিফুল আলম টিপু, এডভোকেট মন্তেজার রহমান মন্টু, লেখক ও সংগঠক আমীর খসরু সেলিম, এটিএন নিউজ বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক করতোয়া শাজাহানপুর প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ এবং ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন