সেবামূলক ও সচেতনতা কার্যক্রম

বাধা উপেক্ষা করে সিরাজগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

14 Mar, 2026 Super Admin 498 ভিউ
বাধা উপেক্ষা করে সিরাজগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাধা উপেক্ষা করে সিরাজগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

(14/03/2026)

সিরাজগঞ্জের কামারখন্দে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কামারখন্দের পাইঘোষা বাজারে একটি কুচক্রী মহলের বাধা উপেক্ষা করে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে স্থানীয় প্রায় পাঁচশ রোজাদার মুসল্লি স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কামারখন্দ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ আলামিন মির্জা। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আসাদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান মুসলিম বিশ্বের দুর্দশার কথা তুলে ধরে বলেন- ইরানে সম্মিলিত হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অতীতে এ ধরনের হামলা চালিয়ে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান সহ একের পর এক মুসলিম দেশ ধ্বংস করে দেয়া হয়েছে। মুসলিম বিশ্বের এই দুরবস্থার প্রধান কারণ নিজেদের মধ্যকার অনৈক্য ও হানাহানি।
তারা বলেন, মুসলিম বিশ্বের ঐক্যই হতে পারে এই আগ্রাসন থেকে তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়। আর ঐক্যের সূত্র একটাই- আল্লাহর তওহীদ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই একটিমাত্র ঘোষণাই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে পারে। তারা নিজেদের মধ্যকার সকল বিবাদ-বিভাজন ভুলে মুসলিম উম্মাহকে শুধুমাত্র তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপস্থিত মুসল্লিরা হেযবুত তওহীদের এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং আল্লাহর তওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে মুসলিম বিশ্বের ঐক্য, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলের মাঝে ইফতারি পরিবেশন করা হয়।
জানা যায়, হেযবুত তওহীদের এই পূর্বঘোষিত অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য একটি মহল তৎপর ছিল। অনুষ্ঠানটি পণ্ড করে দিতে তারা দিনভর নানাভাবে চেষ্টা করলেও স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও জনগণের সমর্থনের মধ্য দিয়ে তা সফলভাবে অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে কামারখন্দ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি রোকন উদ্দিন বলেন, একশ্রেণির লেবাস পরিহিত ব্যক্তি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠানে আসতে মুসল্লিদের নিরুৎসাহিত করেছে। এমনকি তারা অনুষ্ঠানে গন্ডগোল হবে বলে আতঙ্কও ছড়িয়েছে। এই অপতৎপরতা না থাকলে মানুষের উপস্থিতি ২ হাজার ছাড়িয়ে যেত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, এতকিছুর পরেও প্রায় ৫শ মুসল্লির উপস্থিতি প্রমাণ করে, হেযবুত তওহীদের ডাকে সাড়া দিয়ে দলে দলে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যারা অনুষ্ঠানটি বাঞ্চাল করার চেষ্টা করেছে, তাদেরকেও আমরা বলবো, আসুন ঐক্যবদ্ধ হই।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা হেযবুত তওহীদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন